১৫.৫ ওভারে শ্রীলংকা ১৪৮/৫-এ পৌঁছতেই পাকিস্তানের টি২০ বিশ্বকাপ শেষ। সেমিফাইনালে নিউজিল্যান্ড। শ্রীলংকাকে ১৪৭ কিংবা তার কম রানে আটকে রাখলে শেষ চারে জায়গা করে নিত পাকিস্তান। কিন্তু পাভান রত্নায়েকের পর অধিনায়ক দাসুন শানাকা তা হতে দেননি। দুজনের মারকাটারি ব্যাটিংয়ে সুপার এইট থেকে আগেই বাদ পড়া শ্রীলংকা ২০৭/৬ এ থামলে পাকিস্তান জয়ী হয় পাঁচ রানে। যে জয়ের কোনো মূল্য নেই তাদের কাছে। সারমান আগারা আসলে জিতেও হেরে গেছেন।
শনিবার পাল্লেকেলেতে ৪১৯ রানে অগ্নিগর্ভ ম্যাচে প্রাণ ভরে দেন রত্মায়েকে ও শানাকা। প্রথমজন ৩৭ বলে ৫৮ এবং দ্বিতীয়জন ৩১ বলে হার না-মানা ৭৬ রান করেন। এ দুজনের ব্যাটিংয়ে ম্যাচটা বারুদে পরিণত হয়। শেষ ওভারে শাহিন আফ্রিদিকে পরপর তিনটি ছয় মারা শানাকা মিরাকল প্রায় ঘটিয়েই ফেলেছিলেন। আবরার আহমেদ তিন উইকেট নেন।
আগেরদিন নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে পাকিস্তানের আশা বেঁচে ছিল। কাল শ্রীলংকা হেরেও নিউজিল্যান্ডকে পাঠিয়ে দিল সেমিফাইনালে। এরআগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান ২১২/৮ করার পর তাদেরকে অন্তত ৬৪ রানে জিততে হতো। অর্থাৎ, শ্রীলংকাকে আটকে রাখতে হতো ১৪৭ কিংবা তার কম রানে। পাকিস্তানের ইনিংসে দুটি জ্বলজ্বলে নাম সাহিবজাদা ফারহান ও ফখর জামান। ২৭ বলে ৫০* করা ফারহান নয়টি চার ও পাঁচটি ছয়ের সহায়তায় ৬০ বলে ১০০ করে আউট হন। ম্যাচসেরা তিনিই। এবারের আসরের ছয় ইনিংসে দুটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৩৮৩ রান করে ফারহান পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে। ফখর জামান ৪২ বলে ৮৪ রান করেন। দুই অঙ্কের রান আর কোনো পাকিস্তান ব্যাটার করতে পারেননি। তিনটি উইকেট নেন মাদুশাঙ্কা।
এফপি/অ