রংপুরের পীরগাছায় ফ্যামিলি সেবা কার্ডের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন 'হিতৈষী'র উদ্যোগে উক্ত কমর্সুচীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে হিতৈষী সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন সুমন বলেন, হিতৈষী স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ২০১২ সালে প্রতিষ্ঠিত। এক বছর আগে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ঘোষনা দেয়া হয়েছিল সংগঠনের সদস্যদের মাঝে ফ্যামিলি সেবা কার্ড নামে একটি কার্ড বিতরণ করা হবে। আজ সেই কার্ড বিতরণ করা হলো।
তিনি আরও বলেন, এই কার্ড সরকার ঘোষিত কোন ফ্যামিলি কার্ড নয়। এটি সংগঠনটির সদস্যদের মধ্যে যারা নিম্ন আয়ের মানুষ তাদের বিভিন্ন ধরনের সেবা প্রাপ্তির জন্য তৈরিকৃত কার্ড। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে ১১ ধরণের নিত্য প্রয়োজনীয় ১৩০০ টাকা মূল্যের পণ্য ১ হাজার টাকায় কার্ডধারীদের দেয়া হবে। এছাড়া কার্ডধারীদের ডিসকাউন্ট রেটে ডাক্তারি সেবা, প্যাথলজি, আইনী সেবা প্রাপ্তিতে সহায়তা, বিনামূল্যে শীতবস্ত্র, ঈদে নতুন জামা, সেমাই, চিনি বিতরণ, কেউ মারা গেলে বিনামূল্যে কাফনের কাপড় প্রদান, সামাজিক বনায়ন, প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে।
অনুষ্ঠানের প্রথম পর্বে কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, পীরগাছা সদর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন মন্ডল, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক মঞ্জুরুল আলম বিপু।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সরকারি সেবার বাইরে হিতৈষী সংগঠনের এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানান। এ উদ্যোগের পিছনে জড়িত সকলকে তারা ধন্যবাদ জানান।
এফপি/জেএস