বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. ওলী খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। শনিবার (২১ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে মোংলা থানার কাইনমারি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান চালায়। এ সময় ১০ কেজি গাঁজাসহ মো. ওলী খানকে গ্রেপ্তার করা হয়। তিনি কাইনমারি এলাকার মৃত জব্বার খানের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এসআরবি ফোর্সেস। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এফপি/মিব