কক্সবাজারের টেকনাফে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাতের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি। চক্রটি মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছে বলেও জানিয়েছে সংস্থাটি।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয় বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিভিন্ন সরঞ্জাম।
বিজিবির ধারণা, উদ্ধার করা আইইডি ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশাও জব্দ করা হয়। এসব যানবাহনে থাকা দুজনকে আটক করেছে বিজিবি।
এফপি/মিব