Dhaka, Tuesday | 6 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 6 October 2026 | English
শিরোনাম:

খেলনা ভেবে ককটেল হাতে বিস্ফোরণে আহত কিশোর

প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:০৪ পিএম  (ভিজিটর : ৪৫)

শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কামরুল ওই এলাকার রাজ্জাক বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে কসটেপ দিয়ে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় কিশোর জুনায়েদ আহমেদ (১৭)। বস্তুটি খেলনা বল মনে করে তিনি সেটি হাতে তুলে নেন। এ সময় তার সহপাঠী কামরুল বিষয়টি দেখতে পেয়ে জুনায়েদের কাছে তার হাতে কী রয়েছে জানতে চান।

পরে দুজন মিলে বস্তুটি জুনায়েদের দাদি নাসিমা বেগমকে দেখালে তিনি সেটিকে ককটেল বলে শনাক্ত করেন। এতে আতঙ্কিত হয়ে জুনায়েদ সেটি হাত থেকে ফেলে দেন। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ককটেলটি বিস্ফোরিত হলে পাশে থাকা কামরুল গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা কামরুলকে ঢাকায় নিয়ে যান।

ঘটনার পর পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা আরও দুটি ককটেল উদ্ধার করে। ঘটনাস্থলে আরও কোনো ককটেল বা বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বলেন, ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় আরও দুটি ককটেল পাওয়া গেছে। ঘটনাস্থলে আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝