Dhaka, Sunday | 4 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 4 October 2026 | English
শিরোনাম:

নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:১৬ এএম  (ভিজিটর : ২১)

শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর সোয়াইফ হোসেন নামে সাড়ে তিন বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাসন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ করে।

নিহত সোয়াইফ হোসেন পশ্চিম আদাসন এলাকার সেলিম সরদার ও শিমুলি দম্পতির সন্তান। এ ঘটনায় রাসেল শিকদার নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয় সোয়াইফ। পরে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে আবু আলেম সিকদারের বাড়ির পেছনের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির মা শিমুলি বেগম বলেন, আমার ছেলে গতকাল প্রতিবেশী আলী আকবর শিকদারের বাসায় গালি দিয়েছিল। ছোট মানুষ তাই না বুঝেই গালি দিয়েছে। তারই জের ধরে আমার ছেলেকে ওরা হত্যা করেছে। আমি অগো বিচার চাই।

শিশুটির বাবা সেলিম সরদার বলেন, “গতকাল সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার মায়ের সঙ্গে প্রতিবেশী আলী আকবরের ঝগড়া হয়। রাতে মা আমাকে বিষয়টি জানান। সকালে আমি বাজারে গেলে ফিরে এসে দেখি আমার ছেলে নেই। পরে থানায় গিয়ে বিষয়টি জানাই। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খোঁজাখুঁজি করে আলী আকবরের বাড়ির পেছনের ডোবা থেকে আমার ছেলের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেন। আমি এ ঘটনার বিচার চাই।”

এদিকে শিশুটির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয়রা জানান। অভিযুক্ত পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝