ডেঙ্গু প্রতিরোধ ও মশার উপদ্রব নিয়ন্ত্রণে মাগুরায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে মাগুরা পৌরসভা।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের একতা কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফগার মেশিনের মাধ্যমে ড্রেন, নর্দমা ও আশপাশের বিভিন্ন স্থানে মশা নিধন ওষুধ প্রয়োগ করা হয়। একই সঙ্গে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন বাজারের রাস্তা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
অভিযানে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করার পাশাপাশি বাজার এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটির ১০ জন এবং 'বিডি ক্লিন'-এর ৬ জন স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের এবং পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের প্রধান ইতি খাতুনসহ সংশ্লিষ্টরা।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং পৌরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার জন্যও পৌরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
এফপি/অ