শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক নারী তার পুত্রবধূকে নিয়ে ‘ফারহান-৩’ লঞ্চে ঢাকা সদরঘাট থেকে ভোলার উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের হরিণা ফেরিঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে ওই নারীর পুত্রবধূ হঠাৎ খিঁচুনিজনিত কারণে অচেতন হয়ে পড়েন।
এ সময় লঞ্চের এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুত লঞ্চটিতে পৌঁছে অসুস্থ নারীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়।
পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য কোস্ট গার্ডের বোটে করে হরিণা ফেরিঘাটে আনা হয়। এরপর কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সযোগে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।