প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম (ভিজিটর : ১৪)
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লিডার মফিজুল হকের ৫০তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমানবাহিনী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ উপলক্ষে বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে বিমানবাহিনীর কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য সদস্যরা অংশ নেন।
মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার।
মুক্তিযুদ্ধে তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশ বিমানবাহিনী গঠনে অসামান্য অবদানের জন্য তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বিমানবাহিনী।
১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার ও স্কোয়াড্রন লিডার মফিজুল হক শাহাদাতবরণ করেন।
এ ছাড়া বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে তাঁদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠের আয়োজন করা হয়।