Dhaka, Thursday | 27 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 27 August 2026 | English
শিরোনাম:

বিমান নিরাপত্তা দক্ষতা বাড়াতে শাহজালাল বিমানবন্দরে ডিএফটি প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:৪০ পিএম আপডেট: ২৭.০৮.২০২৬ ৭:০১ পিএম  (ভিজিটর : ১৭)
ডিএফটি এভিয়েশন সিকিউরিটি সুপারভাইজার প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হচ্ছে।

ডিএফটি এভিয়েশন সিকিউরিটি সুপারভাইজার প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (ডিএফটি) ‘এভিয়েশন সিকিউরিটি সুপারভাইজার ট্রেনিং’ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত পাঁচ কর্মদিবসের এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিমানবন্দরে কর্মরত এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের সুপারভাইজার ও কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এভসেক বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণে যুক্তরাজ্য থেকে আসা প্রশিক্ষকরা বিমান নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে পরিবর্তনশীল নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা, তদারকি সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের কাউন্সেলর রায়ান ডানকানসন। এ ছাড়া ডিএফটি, ব্রিটিশ হাইকমিশন ও বেবিচকের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এয়ার কমোডর মো. আসিফ ইকবাল বলেন, পরিবর্তনশীল নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় এভিয়েশন সিকিউরিটির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের জ্ঞান, দক্ষতা এবং প্রস্তুতি নিয়মিত উন্নত করা প্রয়োজন। তিনি এ ধরনের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ আয়োজনের জন্য ব্রিটিশ হাইকমিশন ও ডিএফটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, বিমান নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় এবং শক্তিশালী নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা জরুরি। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সঙ্গে যাত্রীসেবার মান বৃদ্ধি এবং যাত্রী চলাচল সহজ করার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে রায়ান ডানকানসন তার বক্তব্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিমান নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী ডিএফটি এভিয়েশন সিকিউরিটি সুপারভাইজার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝