কক্সবাজারের উখিয়ায় তিনটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত তারা ক্যাম্প-৪, ক্যাম্প-৪ এক্সটেনশন ও ক্যাম্প-১৮ পরিদর্শন করে। এ সময় রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম, বসবাসের পরিবেশ, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেয় প্রতিনিধি দলটি।
প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সিনিয়র লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট নোয়েল ডানা। সকাল ৯টা ৪০ মিনিটে দলটি ক্যাম্প-৪-এর এ-১ ব্লকসংলগ্ন ডেটা রেজিস্ট্রেশন সেন্টারে যায়। সেখানে নতুন করে আসা রোহিঙ্গাদের তথ্য নিবন্ধন ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করা হয়। ইউএনএইচসিআরের এক কর্মকর্তা মানচিত্রের মাধ্যমে নিবন্ধন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে প্রতিনিধি দলটি ক্যাম্প-৪ এক্সটেনশনের এফ-১ ব্লকসংলগ্ন এলাকায় রোহিঙ্গাদের পুরোনো ও নতুন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে। এ সময় শরণার্থীদের বসবাসের পরিবেশ ও জীবনযাত্রা পর্যবেক্ষণ করেন তারা।
দুপুরে ক্যাম্প-৪ এক্সটেনশনের বি-১ ব্লকে ইউএনএইচসিআর পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে কারিগরি প্রশিক্ষণ, জীবিকাভিত্তিক কার্যক্রম ও রোহিঙ্গাদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাঁরা জানতে চান।
এরপর ক্যাম্প-৪ এক্সটেনশনের সি-৩ ব্লকে ইউএনএইচসিআরের অর্থায়নে পরিচালিত একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন তাঁরা। সেখানে প্রতিদিনের রোগী সংখ্যা, মাতৃ ও শিশুসেবা, টিকাদান, পুষ্টি কার্যক্রম, জরুরি স্বাস্থ্যসেবা, অ্যাম্বুলেন্স, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা নিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা।
বিকেলে প্রতিনিধি দলটি ক্যাম্প-১৮-এর এল-১৭/বি ব্লকে অবস্থিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার (আরসিএমসি) পরিদর্শন করে। সেখানে রোহিঙ্গাদের ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা ও জীবনযাপনের বিভিন্ন স্মৃতি ও নিদর্শন ঘুরে দেখে তারা। আইওএম পরিচালিত কেন্দ্রটির কার্যক্রম সম্পর্কেও প্রতিনিধি দলকে অবহিত করা হয়। পরে তাদের সম্মানে রোহিঙ্গা শিল্পীদের পরিবেশনায় লোকসংগীত পরিবেশন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও মানব পাচার এবং শরণার্থীদের সুযোগ-সুবিধা সম্পর্কেও খোঁজখবর নেন। পাশাপাশি বিভিন্ন সংস্থার পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন তাঁরা।
প্রতিনিধি দলটি বিকেল ৩টা ২০ মিনিটে ক্যাম্প-১৮ ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়।
প্রতিনিধি দলে নোয়েল ডানার সঙ্গে ছিলেন রবার্ট সার, রায়ান কারেইরো, টোরি কক্স, সারা জ্যাকবস, মাইয়েশা হোসেইন, হ্যাটি স্পেকটার, মার্শেল ব্রায়ান্ট, জেসি আইনস্লি ও ন্যান্সি জ্যাকসন। তাঁরা যথাক্রমে আইন প্রণয়ন, জাতীয় নিরাপত্তা ও বহিরাগত সম্পর্কবিষয়ক বিভিন্ন দায়িত্বে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সহকারী ও কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
এফপি/ফ