মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের লুট হওয়া ৫০টি শটগানের তাজা কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া এলাকায় অভিযান চালিয়ে এসব কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর সিপিসি-২, মুন্সীগঞ্জ শ্রীনগর ক্যাম্পের একটি দল মধ্য বাঘড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পতিত জমিতে থাকা একটি পরিত্যক্ত ঘরের পশ্চিম পাশে নারিকেল গাছের গোড়ায় ঝোপের মধ্যে তল্লাশি চালানো হয়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০টি শটগানের কার্তুজ সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া কার্তুজগুলো ২০২৪ সালের ৫ আগস্ট দেশের বিভিন্ন থানায় হামলার সময় লুট হওয়া পুলিশের গোলাবারুদের অংশ হতে পারে।
র্যাব-১০ জানিয়েছে, রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদের ব্যবহার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি।
র্যাব-১০-এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রীয় স্বার্থ ও জননিরাপত্তা রক্ষায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
এফপি/ফ