Dhaka, Thursday | 27 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 27 August 2026 | English
শিরোনাম:

খুলনায় সুবিধাবঞ্চিতদের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:৩৫ পিএম  (ভিজিটর : ৪৭)

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নগর ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কারিগরি সহায়তা এবং গ্লোবাল ডেভেলপমেন্ট ফান্ড (জিডব্লিউএফ) ও চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডোকা) আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে নজরুল ইসলাম মঞ্জু বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা ও দারিদ্র্য বিমোচনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। উপকারভোগীদের বিতরণ করা সামগ্রী যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের ও পরিবারের জীবনমান উন্নয়নের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মহানগরীর ১৭টি ওয়ার্ডের ১৯টি কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির (সিডিসি) ৩৪ জনকে কম্পিউটার সেট, ৪৩ জনকে সেলাই মেশিন এবং ৬৪ জনকে ফুড কার্ট দেওয়া হয়।

কেসিসির চিফ প্ল্যানিং অফিসার আবীর উল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব মো. রেজা রশিদ, প্রধান প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট তানভীর মাহমুদ, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার ইয়ূম প্রধান ও প্রজেক্ট অ্যানালিস্ট এস এম আব্দুল্লাহ আল মাসুম।

এ ছাড়া সিডিসি ক্লাস্টার লিডার রোকাইয়া খলিফা ও উপকারভোগীদের পক্ষে সালহা বেগম বক্তব্য দেন। অনুষ্ঠানে কেসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝