নারায়ণগঞ্জ সদর উপজেলায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় কর্মী নিয়োগ নীতিমালা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান (আরআরএমইপি) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত।
সভায় উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সরকারি কর্মকর্তা, প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, নিয়োগ কার্যক্রমে নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। প্রকৃত উপকারভোগী ও কাজ করতে সক্ষম ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত জানান, এ প্রকল্পের আওতায় সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০ জন করে দরিদ্র ও দুস্থ নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। নিয়োজিত কর্মীরা এলাকার সড়ক ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ক্ষতিগ্রস্ত সড়কের ছোটখাটো মেরামতকাজে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে একদিকে পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে স্থানীয় সড়ক অবকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সহায়তা করবে।
সভায় প্রকল্পের নিয়োগ নীতিমালা, উপকারভোগী নির্বাচনের যোগ্যতা, বাছাই প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নীতিমালাভিত্তিকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন আয়োজকরা।
এফপি/অ