বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
রোববার (২৩ আগস্ট) আয়োজিত পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান প্রতিষ্ঠান দুটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে)-এর আদলে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর প্রতিষ্ঠা করা হয়েছে। অন্যদিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রতিষ্ঠা করা হয়েছে সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী।
নতুন এ দুই শিক্ষাপ্রতিষ্ঠান ফরিদপুর ও রাজবাড়ী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির পাশাপাশি দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
এফপি/র