Dhaka, Saturday | 22 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 22 August 2026 | English
শিরোনাম:

রাজবাড়ীতে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:২৩ পিএম আপডেট: ২২.০৮.২০২৬ ৬:২৫ পিএম  (ভিজিটর : ১৯)

রাজবাড়ীর গোয়ালন্দে মো. ফারুক শেখ (৩৫) নামে এক যুবককে নিজ ঘরে ঢুকে গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌর জামতলা ইছাক মিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক শেখ ওই এলাকার খালেক শেখের ছেলে। তিনি দৌলতদিয়া যৌনপল্লীতে একটি চায়ের দোকান পরিচালনা করতেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফারুক প্রতিদিনের মতো শুক্রবার রাতেও দৌলতদিয়া যৌনপল্লীতে তার চায়ের দোকানে ছিলেন। শনিবার সকালে বাড়িতে ফিরে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। বিদ্যুৎ না থাকায় ঘরের দরজা খোলা ছিল।

এ সময় কে বা কারা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও গলায় আঘাত করে পালিয়ে যায় বলে পরিবারের সদস্যদের ধারণা। দুপুরের দিকে ফারুকের বড় ভাই ফরিদ শেখ তার জন্য খাবার নিয়ে বাড়িতে আসেন। ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে তিনি ফারুককে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

নিহতের বড় ভাই ফরিদ শেখ বলেন, “দুপুর ২টার দিকে ফারুকের জন্য খাবার নিয়ে বাড়িতে এসে দেখি তার ঘর খোলা। কাছে গিয়ে দেখি সে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে সবাইকে খবর দিই।”

পরিবারের সদস্যরা জানান, ফারুক একাধিকবার বিয়ে করেছিলেন। তবে বর্তমানে তার কোনো স্ত্রী ছিলেন না।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফারুক শেখকে ঘরের ভেতর মৃত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। পুলিশের একাধিক টিম ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ বা ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে পুলিশ নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝