পিরোজপুরের কাউখালীতে মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ ও জেন্ডার ন্যায্যতা প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা ও করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সদরে নাগরিক উদ্যোগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় সভাটির আয়োজন করা হয়।
আরজেএমএফ কাউখালী সদর ইউনিয়নের সভাপতি এম শহীদুল আলম বাদলের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন এরিয়া কো-অর্ডিনেটর সুপ্রিয় দত্ত।
সভায় বক্তব্য দেন উপজেলা নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার মো. মহসিন মিয়া, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রবিউল হাসান রবিন, ব্র্যাকের কমিউনিটি প্যারালিগ্যাল মিঠুন দত্ত, গ্রিন ফোর্সের সভাপতি এনামুল হক এবং শিক্ষক মেহেদী হাসান নয়ন।
এ সময় কাউখালী মহিলা পরিষদের প্রতিনিধি, আরজেএমএফের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জেন্ডার ন্যায্যতা প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়বিচারে প্রবেশাধিকার আরও সহজ ও কার্যকর করার বিষয়ে মতামত তুলে ধরা হয়।
বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বৈষম্য দূর করার মাধ্যমে জেন্ডার ন্যায্যতা প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এফপি/ফ