Dhaka, Friday | 21 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 21 August 2026 | English
শিরোনাম:

খুলনায় ফ্রেন্ডশিপের অনলাইন বিরোধ নিষ্পত্তি কেন্দ্র চালু

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৮:৩৬ পিএম  (ভিজিটর : ৫৬)

খুলনার পাইকগাছা চৌকি আদালত প্রাঙ্গণে ফ্রেন্ডশিপের ‘অনলাইন বিরোধ নিষ্পত্তি (ওডিআর) কেন্দ্র’ চালু করা হয়েছে। প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তির পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রটির উদ্বোধন করেন খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মহাপরিচালক মো. মনজুরুল হোসেন। ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর ও ইনক্লুসিভ সিটিজেনশিপ বিভাগের প্রধান ব্যারিস্টার আয়েশা তাসিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিচার বিভাগ, আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা, আইনজীবী সমিতি, ফ্রেন্ডশিপ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মোছা. রোমানা আফরোজ, পাইকগাছা চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মো. হযরত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, পাইকগাছা থানার ওসি শেখ আউয়াল কবির, আইনজীবী সমিতির সভাপতি জিএম সাত্তার ও সাধারণ সম্পাদক আক্কাস আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, অনলাইন বিরোধ নিষ্পত্তি বা ওডিআর ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এতে আদালতে যাতায়াতের সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তিও কমবে। ফলে সাধারণ মানুষের জন্য বিচারপ্রাপ্তি আরও সহজ, দ্রুত ও জনবান্ধব হবে।

সংশ্লিষ্টরা জানান, ফ্রেন্ডশিপের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করবে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে আইনি সেবা পাওয়ার সুযোগ বাড়বে। প্রত্যন্ত এলাকার মানুষও প্রযুক্তির সুবিধা ব্যবহার করে দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ পাবেন।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এ কেন্দ্রের কার্যক্রমের মাধ্যমে পাইকগাছা এলাকায় বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সময় ও ব্যয় কমার পাশাপাশি সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ আরও বিস্তৃত হবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝