নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সুরভি (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে মান্দা থানা-পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এসআই পুলক সরকার, এসআই নজরুল ইসলাম, এএসআই আসাদুজ্জামান ও এএসআই রবিউলের সমন্বয়ে গঠিত দলটি কাঞ্চন গ্রামে অভিযান চালিয়ে সুরভিকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুরভি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবৈধভাবে দেশীয় চোলাই মদ তৈরি করে আসছিলেন। পরে বিভিন্ন কোমল পানীয়ের খালি বোতলে এসব মদ ভরে গোপনে স্থানীয় এলাকায় বিক্রি করতেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০ লিটার চোলাই মদসহ সুরভিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাদক জব্দ করে নিয়ম অনুযায়ী জব্দ তালিকা তৈরি করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ওসি খোরশেদ আলম আরও বলেন, মাদকের বিরুদ্ধে মান্দা থানা-পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। অবৈধভাবে মাদক উৎপাদন, বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
এফপি/ফ