নীলফামারীর ১৩ নম্বর চড়াইখোলা ইউনিয়নের এক অসহায় ভিডিপি সদস্যার মেয়ের বিয়েতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মানসিক ভারসাম্যহীন ভিডিপি সদস্যা লুৎফা বেগমের পরিবারের অসহায়ত্বের কথা জানতে পেরে স্থানীয় ইউনিয়ন দলনেত্রী ও সাধারণ ভিডিপি সদস্যরা তার পরিবারের পাশে দাঁড়ান। তাদের এই মানবিক উদ্যোগের বিষয়টি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
বিষয়টি জানতে পেরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। তিনি নববিবাহিত কনে স্মৃতি আক্তারকে ২৫ হাজার টাকা এককালীন শুভেচ্ছা উপহার প্রদান করেন।
মহাপরিচালকের পক্ষ থেকে পাঠানো এই শুভেচ্ছা উপহার নীলফামারীর জেলা কমান্ড্যান্ট কনের হাতে তুলে দেন।
অপ্রত্যাশিত এই সহযোগিতা পেয়ে কনে স্মৃতি আক্তার ও তার স্বামী আবেগাপ্লুত হয়ে পড়েন। আনন্দ ও কৃতজ্ঞতায় স্মৃতির চোখে তখন অশ্রু ঝরে পড়ে। তাদের নতুন জীবনের শুরুতে এই সহায়তা কিছুটা হলেও স্বস্তি ও সাহস জোগাবে বলে তারা জানান।
উপহার গ্রহণের পর স্মৃতি আক্তার বলেন, “আমাদের মতো একটি অসহায় পরিবারের প্রতি বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে এমন ভালোবাসা ও সহযোগিতা পাওয়া সত্যিই অনেক বড় পাওয়া। এই সহযোগিতা আমাদের নতুন জীবন শুরু করার ক্ষেত্রে সাহস ও অনুপ্রেরণা জোগাবে।”
এ সময় তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং এই মানবিক সহযোগিতার জন্য বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অসহায় ভিডিপি সদস্যার পরিবারের পাশে দাঁড়িয়ে মহাপরিচালকের এই উদ্যোগ বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।