জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের কাউনিয়ায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার থেকে শান্ত বাজার সড়কের সেতুর মুখে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা অপসারণ করা হয়। একই সঙ্গে স্থানীয় একটি মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন দলটির নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপজেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বের হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়া ও সদস্যসচিব মোশাব্বের আহমেদ কোয়েলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বের হোসেন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কচুরিপানা অপসারণের ফলে পানি নিষ্কাশন স্বাভাবিক হবে এবং জলাবদ্ধতা কমবে। অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কের সেতুর মুখে কচুরিপানা জমে থাকায় পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। তা অপসারণ করায় পানি নিষ্কাশন স্বাভাবিক হওয়ার পাশাপাশি স্থানীয় জলাবদ্ধতা কিছুটা কমবে বলে আশা করছেন তাঁরা।
আয়োজকেরা জানান, সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এফপি/ফ