রাজবাড়ীর গোয়ালন্দে একটি হত্যা মামলা প্রত্যাহার এবং সাবেক ওসি স্বপন কুমার মজুমদার ও এসআই শামীম দেওয়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টার মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন। পরে সেখানে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. সাইদুর রহমান ফকির লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ২০২২ সালের ১৭ জুন তাঁর স্ত্রীকে চিকিৎসার জন্য ফরিদপুরের জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্ত্রী একটি কন্যাসন্তানের জন্ম দেন। ওই সময় তাঁর মোবাইল ফোনে একটি কল আসে এবং তাঁর ছেলে আরিফ শেখকে নিয়ে কথা বলা হয়।
সাইদুর রহমানের দাবি, পরবর্তীতে গোয়ালন্দ ঘাট থানার তৎকালীন এসআই শামীম দেওয়ানসহ কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। তাঁকে বিভিন্নভাবে হয়রানি এবং অর্থ দাবি করা হয়। একপর্যায়ে ৬০ হাজার টাকা দেওয়ার পর বিষয়টি মীমাংসার কথা বলা হলেও পরে আরও ২ লাখ ৮০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ভয়ভীতি দেখানো হয়। পরে শোয়েব নামে এক যুবককে আটক করে মারধরের মাধ্যমে তাঁর ও পরিবারের সদস্যদের নাম বলানো হয় এবং তাঁকে একটি হত্যা মামলায় আসামি করা হয়। ওই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই দাবি করে মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
সাইদুর রহমান অভিযোগ করেন, তিনি বিএনপি পরিবারের সঙ্গে যুক্ত থাকায় তৎকালীন ওসি স্বপন কুমার মজুমদার ও এসআই শামীম দেওয়ান পরিকল্পিতভাবে তাঁকে হত্যা মামলায় আসামি করেছেন। তিনি মামলা থেকে অব্যাহতি এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে তাঁর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের একজন মুঠোফোনে বলেন, সাইদুর রহমানের ব্যবসা ও কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ও তদন্তে আসা প্রয়োজন। তাঁর দাবি, ফকির হত্যা মামলায় সাইদুর রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামি। ফলে মামলাটি মিথ্যা নয় বলেও তিনি দাবি করেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই এবং সাইদুর রহমান নির্দোষ প্রমাণিত হলে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে সাবেক ওসি স্বপন কুমার মজুমদার ও এসআই শামীম দেওয়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগের বিষয়ে সাবেক ওসি স্বপন কুমার মজুমদার ও এসআই শামীম দেওয়ানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এফপি/ফ