সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পুকুরে পড়ে লাইলী বেগম (৩৫) নামে এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার আটুলিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লাইলী বেগম একই গ্রামের মো. মোশারফ হোসেনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে লাইলী বেগম নিজ বাড়ির পাশে পুকুরপাড়ে থাকা একটি শিশুফুল গাছে উঠে জ্বালানি কাঠ ভাঙছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে সরাসরি পুকুরের পানিতে পড়ে যান। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পারিবারিকভাবে দাফন সম্পন্ন হয়েছে।
এফপি/র