মার্কিন পপ তারকা পোস্ট মেলোন তার দীর্ঘদিনের প্রেমিকা ক্রিস্টি লির সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। তাদের ঘনিষ্ঠ বন্ধু মেরিনা হলিয়ারের সামাজিক মাধ্যমে শেয়ার করা বেশ কিছু ছবির মাধ্যমে এই খবরটি প্রকাশ্যে এসেছে।
ছবিতে ক্রিস্টি লিকে মাথায় ওড়না, ‘ব্রাইড টু বি’ লেখা ব্যাজ এবং হাতে হীরার আংটি পরা অবস্থায় উদযাপনের নানা মুহূর্তে দেখা গেছে। পোস্ট মেলোন ও ক্রিস্টি লি তাদের ব্যক্তিগত সম্পর্ককে সবসময় প্রচারমাধ্যমের নজর থেকে দূরেই রেখেছেন।
২০২৫ সালে প্যারিসে একসাথে ঘুরতে যাওয়ার পর থেকে তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। গায়ক তার সাবেক বাগদত্তা হি সং জেমি পার্কের সাথে বাগদান ভাঙার পর ক্রিস্টির সাথে সম্পর্কে জড়ান।
জেমি ও মেলোনের এক কন্যাসন্তান রয়েছে। ব্যক্তিগত জীবনের এমন বিশেষ খবরের মাঝেই সঙ্গীতে ব্যস্ত সময় পার করছেন পোস্ট মেলোন। আগামী মাসেই তিনি তার ‘বিগ অ্যাস স্টেডিয়াম ট্যুর’-এর অংশ হিসেবে এশিয়ায় কনসার্ট করতে আসছেন।
এফপি/ফ