‘বরবাদ’ ছবির সফলতার পর শাকিব খান ও মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ ছিল অনেক বেশি। চলচ্চিত্র–সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে এ নিয়ে অনেক লেখালেখিও হয়েছে। শাকিবের সঙ্গে মেহেদীর সিনেমা যখন চূড়ান্ত হয়েছে, তখন এর নায়িকা নিয়ে চলে জোর আলোচনা। এই মুহূর্তে সবচেয়ে বেশি কৌতূহল শাকিবের নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবিলা নূরের নাম চর্চিত হলেও সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সেসব খবরের কোনো ভিত্তি নেই। তাদের দাবি, শেষ পর্যন্ত নতুন সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন ইধিকা পাল। সবকিছু চূড়ান্ত, এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।
গত বছরের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বরবাদ’ দিয়ে শাকিব খান ও নতুন নির্মাতা মেহেদী হাসানের জুটি দর্শকের কাছে সাড়া পায়। সেই সাফল্যের পর এবার আগামী বছরের ঈদুল ফিতরকে টার্গেট করে আবারও তাঁরা একসঙ্গে। নতুন সিনেমাটির নাম ‘নিঃস্ব’-এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।
যদিও নতুন সিনেমাটির নাম নিয়ে শুরুতে ছিল নানা গুঞ্জন। কেউ বলছিলেন ‘নিঃস্ব’, কেউবা ‘হায়েনা’। দুটি নামই আলোচনায় ছিল। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, শেষ পর্যন্ত ‘নিঃস্ব’ নামেই তৈরি হতে যাচ্ছে ছবিটি। সপ্তাহখানেকের মধ্যে ছবিটি নাম ঘোষণা করা হবে একটি টিজার প্রকাশের মধ্য দিয়ে। এই টিজারে ছবিটি সম্পর্কে ধারণা দেবেন পরিচালক, এমনটাও জানিয়েছে প্রযোজনাপ্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শেহরিন সুমি।
ইধিকা পালছবি : অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আগামী বছরের ঈদুল ফিতরকে লক্ষ্য করে সিনেমাটির প্রস্তুতি চলছে। ‘বরবাদ’-এর মতো নতুন ছবিটিও হতে যাচ্ছে অ্যাকশনধর্মী। তবে গল্প ও চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাইছেন না পরিচালক। তাঁর মতে, চিত্রনাট্য পুরোপুরি ঠিক হোক, তারপর সিনেমাটি নিয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে নতুন সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে আলোচনায় ছিলেন সাবিলা নূর। এর আগে শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় কাজ করেছেন তিনি। সে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ধরে নিয়েছিলেন, ‘নিঃস্ব’–তে আবার এই জুটিকে দেখা যেতে পারে। তবে নায়িকা নিয়ে মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমাদের সিনেমার নায়িকা এখনো ঠিক হয়নি। এটা শিগগির জানাব। কাকে নেব, সবই মাথায় আছে। আলোচনা হোক।’