জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদের সাম্প্রতিক এক মন্তব্যে সরগরম মিডিয়াপাড়া। তার সেই মন্তব্যের সূত্র ধরে দর্শক ও ভক্তমহলে শুরু হয়েছিল নানা জল্পনা। অনেকেই ভেবেছিলেন, হয়তো অভিনয়কে একেবারেই ‘বিদায়’ বলছেন তিনি। তবে সেসব জল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন হাসান মাসুদ। জানালেন, ভালো গল্প পেলে অবশ্যই অভিনয় করবেন তিনি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাসান মাসুদ বলেন, ওই কথাটা বলা আমার ভুল হয়েছে। আমি বলেছিলাম, দুই বছর ধরে অভিনয় করছি না এবং মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে কাজ করি। এই মুহূর্তে ভালো কনটেন্টও তেমন নেই। কিন্তু আমি কখনো বলিনি যে, আর অভিনয় করব না।
অভিনয়ের সঙ্গে ধর্মচর্চার বিষয়টি সাংঘর্ষিক নয় বলেও মত দেন এ অভিনেতা। তার কথায়, আপনি ধর্ম পালন করতে পারেন, আবার শুটিং সেটেও নামাজ পড়তে পারেন। গত চার-পাঁচ বছরে যাদের সঙ্গে কাজ করেছি, তারা সবাই জানেন যে আমি ২০০০ সাল থেকে নিয়মিত নামাজ পড়ি। শুটিংয়ের সময় সবাই আমাকে নামাজ পড়ার জন্য বিরতি দিতেন। আমি চেষ্টা করতাম ওই সময়ে যেন আমার কোনো দৃশ্যের শুটিং না থাকে। পরবর্তী সময়ে পরিচালকরাই বলতেন, ‘বিরতির সময় হয়েছে, হাসান ভাই। যান, নামাজ পড়ে আসেন।’ এভাবেই চলত।
পছন্দসই কাজ পেলে অভিনয়ের ইচ্ছা পুনর্ব্যক্ত করে তিনি আরও জানান, হজ করে আসার পর দুটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। পছন্দসই কাজ পেলে সামনেও করবেন।
এর আগে হজ করে দেশে ফেরার পর আপাতত অভিনয় থেকে দূরে থাকার কথা জানিয়েছিলেন হাসান মাসুদ। এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, বর্তমানে অভিনয়ের চেয়ে ধর্মকর্মেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি।
উল্লেখ্য, বহুমুখী প্রতিভার অধিকারী হাসান মাসুদ চাকরিজীবন শুরু করেছিলেন সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে। এরপর সাংবাদিকতায় পথ মাড়িয়ে আসেন অভিনয়ে। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর নাটকে অভিনয়ের মাধ্যমে পান তুমুল জনপ্রিয়তা। শুধু অভিনয়ই নয়, না গানেও দখল ছিল হাসান মাসুদের। ২০০৬ সালের ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছিল তার একক গানের অ্যালবামের নাম ‘হৃদয়ঘটিত’।
এফপি/র