হজ করে দেশে ফেরার পর আপাতত অভিনয় থেকে দূরে থাকার কথা জানিয়েছিলেন অভিনেতা হাসান মাসুদ। এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, বর্তমানে অভিনয়ের চেয়ে ধর্মকর্মেই বেশি মনোযোগ দিচ্ছেন।
প্রস্তাব পেলে শুধু বিজ্ঞাপনে কাজ করছেন।
তার সেই বক্তব্য প্রকাশ্যে আসার পরই শুরু হয় আলোচনা। অনেকের মনে প্রশ্ন ওঠে—তাহলে কি অভিনয় থেকে পুরোপুরি সরে দাঁড়াচ্ছেন এই অভিনেতা?
এবার সেই প্রশ্নেরই জবাব দিয়েছেন হাসান মাসুদ। তিনি স্পষ্ট করেছেন, অভিনয় ছাড়ার কোনো সিদ্ধান্ত তিনি নেননি।
বরং তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘ওই কথাটা বলা আমার ভুল হয়েছে। আমি বলেছিলাম, দুই বছর ধরে অভিনয় করছি না এবং মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে কাজ করি। এই মুহূর্তে ভালো কনটেন্টও তেমন নেই।
কিন্তু আমি কখনো বলিনি যে, আর অভিনয় করব না।’
ভালো গল্প ও পছন্দসই চরিত্র পেলে এখনো অভিনয়ে ফেরার আগ্রহ রয়েছে হাসান মাসুদের। তার মতে, ধর্মচর্চা ও অভিনয়—দুটিকে পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক ভাবারও কোনো কারণ নেই।
এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আপনি ধর্ম পালন করতে পারেন, আবার শুটিং সেটেও নামাজ পড়তে পারেন। গত চার-পাঁচ বছরে যাদের সঙ্গে কাজ করেছি, তারা সবাই জানেন যে আমি ২০০০ সাল থেকে নিয়মিত নামাজ পড়ি।
শুটিংয়ের সময় সবাই আমাকে নামাজ পড়ার জন্য বিরতি দিতেন। আমি চেষ্টা করতাম ওই সময়ে যেন আমার কোনো দৃশ্যের শুটিং না থাকে।’
তিনি আরো বলেন, ‘পরবর্তী সময়ে পরিচালকরাই বলতেন, ‘‘বিরতির সময় হয়েছে হাসান ভাই। যান, নামাজ পড়ে আসেন।’ এভাবেই চলত।”
হজ করে দেশে ফেরার পর এরই মধ্যে দুটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন বলেও জানিয়েছেন হাসান মাসুদ। পছন্দসই গল্প ও চরিত্রের প্রস্তাব পেলে ভবিষ্যতেও অভিনয় চালিয়ে যাবেন তিনি।
এফপি/অ