২০২২ ও ২০২৩ সালের বি.এ. সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের ২জন মেধাবী শিক্ষার্থী ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ লাভ করেছেন। এছাড়া, ২০২৩-২০২৪ সালের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১১জন শিক্ষার্থী ‘ফিরোজা বেগম স্মৃতি বৃত্তি’ লাভ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ ১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের স্পেশাল কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ‘সুরের ধ্রুবতারা: সুর সম্রাজ্ঞী ফিরোজা বেগম’ শীর্ষক স্মারক বক্তৃতা’ প্রদান করেন দি ডেইলি স্টার-এর চিফ কালচার ইনিশিয়েটিভস্ ও ‘জেমস অব নজরুল’-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাদিয়া আফরিন মল্লিক। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াংকা গোপ। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, দেশের সংগীত জগতের উন্নয়ন ও বিকাশে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর এই অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। স্বর্ণপদকপ্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শিল্পী ফিরোজা বেগমের গুণাবলী ও মূল্যবোধ ধারণ করে আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, নূরেজান্নাত আফরিস ও অর্পিতা দে।
ফিরোজা বেগম স্মৃতি বৃত্তিপ্রাপ্তরা হলেন- রুশদা জাহান রুহি, অতসী দে, পুষ্পিতা রায় পুষ্প, ভাগ্যশ্রী চক্রবর্তী, মায়শা ফারজানা ঐশী, দীপ দাশ, শেখ জেরিন শবনম, রাতুল দে দীপ্ত, পূর্বাশা মন্ডল, অর্পিতা সিকদার ও মায়েশা সুলতানা উর্বি।
এফপি/অ