ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে বাস্তবমুখী ও বাজারোপযোগী করতে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন প্রয়োজন। গবেষণা ও উদ্ভাবনকে উদ্যোক্তা কার্যক্রমে রূপ দিতে অর্থায়ন, পরামর্শ ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়াতে জাতীয় পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের গোলটেবিল আলোচনা বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, শিল্পখাতের সঙ্গে সমন্বিত সহযোগিতা ছাড়া গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তব প্রয়োগে নেওয়া কঠিন। এ লক্ষ্যে ডুয়েট যৌথ গবেষণা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সম্প্রসারণে কাজ করছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উদ্যোক্তা মানসিকতা তৈরি এবং উদ্ভাবনী প্রকল্পকে বাণিজ্যিকভাবে কাজে লাগানো বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। এ ধরনের আলোচনা নিয়মিত আয়োজনের পাশাপাশি এর অগ্রগতি ইউজিসিকে জানানো হবে।
অনুষ্ঠানে ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন স্বাগত বক্তব্য দেন।
এ সময় ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ ‘ডুয়েটে গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবন সুবিধাদি’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে ডুয়েটের গবেষণা অবকাঠামো ও উদ্ভাবন সহায়ক সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।
গোলটেবিল আলোচনায় বিডিরেন, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, মেঘনা গ্রুপ, ওয়ালটন, প্রাণ-আরএফএল, নেসলে বাংলাদেশ, আকিজ সিরামিকস, ম্যাক্স গ্রুপ, ডিক্যাথলনসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
পরে শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে ‘দ্য ফিউচার অব ইয়ুথ ইন বাংলাদেশ ইন দ্য পারস্পেকটিভ অব অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড সফট স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও শিল্পখাতের প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে উদ্যোক্তা হওয়া, কর্মজীবনের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
এ সময় জেনকোর সল্যুশনসের সিইও ও ডুয়েটের সাবেক শিক্ষার্থী জিশান আহাম্মদ তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগাভাগি করেন।
এফপি/র