মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ৮ লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার শ্যামল ছায়া ডিসি প্রজেক্টের ভেতরে আব্দুল লতিফের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ডাকাতির সময় বাড়ির মালিক আব্দুল লতিফ স্বপরিবারে সিরাজদিখানের খাসমহলে তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। ওই বাড়িতে থাকতেন ডিসি প্রজেক্টের জামে মসজিদের ইমাম মাওলানা আল-আমিন (৩০)।
রাতে ডাকাতরা প্রথমে দুইতলা ভবনের মূল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে নিচতলার দরজা ভেঙে ভবনের ভেতরে ঢোকে। ডাকাতদের দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে মাওলানা আল-আমিন ভবনের ছাদে উঠে যান।
এরপর ডাকাতরা বাড়ির শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ ৮ লাখ টাকা এবং প্রায় দুই ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ বলেন, আমার বাড়িতে প্রজেক্টের মসজিদের ইমাম সাহেব থাকতেন। ডাকাতির সময় আমি পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলাম। ডাকাতরা ঘরের আসবাবপত্র ও আলমারি ভেঙে তছনছ করে নগদ ৮ লাখ টাকা, স্বর্ণালংকারসহ মোট ১২ লাখ টাকার মতো মালামাল নিয়ে গেছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।
এফপি/ফ