কক্সবাজারের টেকনাফে ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। স্হানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার ছগির আহমদের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)। নয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কেরুনতলী এলাকায় একটি ডাম্পার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক রুবেল গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মোটরসাইকেলের পেছনে থাকা আরমান চৌধুরীও গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওসি নুরুল আবছার বলেন, দুর্ঘটনার পর ডাম্পার ও মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহত দুজনের পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এফপি/ফ