Dhaka, Wednesday | 19 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 19 August 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৪১ পিএম  (ভিজিটর : ৮৯)

নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনে মানুষকে উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলা কিউআর ও ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) পূবালী ব্যাংকের সরাইল শাখার আয়োজনে র‍্যালি, মতবিনিময় সভা এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সকালে সরাইল সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। এতে ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. আমিনুর রহমান।

সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী ব্যাংকিং সেবা দ্রুত ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। বাংলাদেশও ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। ক্যাশলেস লেনদেন শুধু নগদ অর্থের বিকল্প নয়, বরং নিরাপদ ও আধুনিক আর্থিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। ডিজিটাল লেনদেনের মাধ্যমে দ্রুত ও নিরাপদে অর্থ স্থানান্তর এবং ব্যবসায়িক লেনদেন করা সম্ভব।

বক্তারা জানান, গ্রাহকদের সুবিধার্থে পূবালী ব্যাংক বিভিন্ন ডিজিটাল সেবা চালু করেছে। পে অ্যাপস, কিউআর কোড, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে গ্রাহকরা সহজে লেনদেন করতে পারছেন। কিউআর কোড ব্যবহার করে ব্যবসায়ীরা নগদ অর্থ ছাড়াই পণ্য ও সেবার মূল্য গ্রহণ করতে পারবেন।

ব্যাংক কর্মকর্তারা জানান, প্রতিটি শাখা ও উপশাখায় ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে ‘সেলফ সার্ভিস কর্নার’ ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথের মাধ্যমে আধুনিক ব্যাংকিং সুবিধা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির হবিগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক সমবারু চন্দ্র মহন্ত। বিশেষ অতিথি ছিলেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, পূবালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার প্রধান মহিউদ্দিন, সড়ক বাজার শাখার প্রধান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার আল আমিন এবং ভাদুঘর উপশাখার প্রধান ও প্রিন্সিপাল অফিসার মো. সাইফুল ইসলাম।

এ ছাড়া সরাইল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি পারভেজ আলম আদেল, সাংবাদিক মো. রিমন খানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির সরাইল শাখার শাখা প্রধান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মহসিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সড়ক বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার কানিজ ফাতেমা।

অনুষ্ঠান শেষে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়। পাশাপাশি ক্যাশলেস লেনদেনের সুবিধা ও ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয়।

ব্যাংক কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল লেনদেনে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, গ্রাহকের আস্থা ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে পূবালী ব্যাংক কাজ করছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝