দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমায় সানী দেওলের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
সিনেমাটি মুক্তির এক দিন আগে নিজের চরিত্র হামিদার প্রথম লুকের স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির লুক টেস্টের সময় তোলা একটি সাদাকালো ছবি প্রকাশ করেছেন প্রীতি। ছবিতে সাধারণ ফুলের পাড়ের শাড়িতে দেখা গেছে তাকে। মাথায় শাড়ির আঁচল, খোলা ঢেউ খেলানো চুল এবং হাতে সোনালি চুড়ি—সব মিলিয়ে সাদামাটা অথচ মায়াবী এক লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।
ছবিটি প্রকাশ করে প্রীতি লিখেছেন, ‘বাটওয়ারা ১৯৪৭' মুক্তির প্রাক্কালে, আমি সেই জায়গায় ফিরে যেতে চেয়েছিলাম যেখান থেকে সবকিছুর শুরু। এই ছবিটি সেই লুক টেস্টের সময় তোলা হয়েছিল, যেখানে আমি হামিদার প্রথম ঝলক দেখেছিলাম এবং অনুভব করেছিলাম।’
নিজের চরিত্র হামিদা সম্পর্কে বলতে গিয়ে তিনি রুমির একটি বিখ্যাত উক্তি তুলে ধরেছেন। প্রীতি লিখেছেন, ‘আমার কাছে, রুমির এই বিখ্যাত উক্তিটির মাধ্যমে হামিদা চরিত্রটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে - ‘চারপাশের সবকিছু যদি অন্ধকার মনে হয়, তবে আবার তাকাও, তুমি নিজেই হয়তো আলো।
’ ১৪ই আগস্ট ‘বাটওয়ারা ১৯৪৭’-এর জন্য আপনাদের পাশের প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে! টিং!’
আজ শুক্রবার (১৪ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বাটওয়ারা ১৯৪৭’। সিনেমাটির মাধ্যমে প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরলেন প্রীতি জিনতা। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ভাইজাই সুপারহিট’-এর পর এটিই তার বড় পর্দায় প্রত্যাবর্তন। সেই সিনেমাতেও সানী দেওলের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটওয়ারা ১৯৪৭’ নির্মিত হয়েছে আসগর ওয়াজাহাতের প্রশংসিত নাটক ‘জিস লাহোর নাই ভেখ্যা, ও জাম্যা ই নাই’ অবলম্বনে।
১৯৪৭ সালের দেশভাগ এবং পাঞ্জাব বিভক্তির অস্থির সময়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। দেশভাগের রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি সেই সময় সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া মানবিক গল্পগুলোই সিনেমাটির মূল উপজীব্য।
প্রীতি জিনতা ও সানী দেওল ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শাবানা আজমি, কানিকা কাপুর, করণ দেওল, আলি ফজল, খুশি হাজারে ও অভিমন্যু সিং। সিনেমাটি প্রযোজনা করেছেন আমির খান।
এফপি/র