Dhaka, Thursday | 13 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 13 August 2026 | English
শিরোনাম:

দুই বছরে সংস্কার-রূপান্তরে নতুন সক্ষমতায় আনসার-ভিডিপি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:১৯ পিএম আপডেট: ১৩.০৮.২০২৬ ৭:২৪ পিএম  (ভিজিটর : ২২)

সংস্কার ও রূপান্তরের দুই বছরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক, দক্ষ, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে সংস্কার ও রূপান্তরের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বাহিনীর গত দুই বছরের সংস্কার ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে বাহিনীকে আরও আধুনিক, দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের তথ্য এখন সুনির্দিষ্টভাবে ডাটাবেজভুক্ত করা হয়েছে। গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও প্লাটুন পর্যায়ের সদস্যদের তথ্য একটি সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। এর ফলে মানবসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

প্রযুক্তিনির্ভর হচ্ছে আনসার-ভিডিপি

মহাপরিচালক বলেন, বাহিনীর ডিজিটাল রূপান্তর এখন দৃশ্যমান। সদস্য মোতায়েন, তথ্য সংরক্ষণ, বেতন-ভাতা ব্যবস্থাপনা ও দাপ্তরিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। আনসার-ভিডিপি জব পোর্টালের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করা হয়েছে।

ভবিষ্যতে ৬০ লাখ সদস্যকে নিয়ে বিদ্যমান ইআরপিতে (ERP) কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সমন্বিত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় সদস্যদের রক্তের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে বড় পরিসরে ব্লাড ব্যাংক সেবা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে মনিটরিং সিস্টেম ও ডাটা সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাড়ে চার লাখের বেশি সদস্যকে প্রশিক্ষণ

প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে মহাপরিচালক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাড়ে চার লাখের বেশি নতুন তরুণ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ প্রশিক্ষণ শুধু নির্বাচন বা উৎসবকেন্দ্রিক দায়িত্ব পালনের জন্য নয়। যুদ্ধকালীন কিংবা যেকোনো জরুরি পরিস্থিতিতেও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী জনবল যাতে কার্যকর ভূমিকা রাখতে পারে, সেভাবেই প্রশিক্ষণের লক্ষ্য ও কাঠামো নির্ধারণ করা হয়েছে।

গত দুই বছরে প্রশিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য, ধরন ও সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে। দায়িত্ব পালনকারী সদস্যদের পেশাগত সক্ষমতা বাড়াতে সতেজকরণ প্রশিক্ষণও জোরদার করা হয়েছে।

অঙ্গীভূত আনসারদের সুযোগ-সুবিধায় সংস্কার

দেশের গুরুত্বপূর্ণ ও কেপিআই স্থাপনার নিরাপত্তায় অঙ্গীভূত আনসার সদস্যদের ভূমিকার কথা তুলে ধরে মহাপরিচালক বলেন, তাদের দক্ষতা ও সেবার মানসিকতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করা হয়েছে।

চাকরির ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যা হিসেবে বিবেচিত ‘রেস্ট’ প্রথা বাতিলের প্রয়োজনীয় সংস্কার, ব্যবস্থাপনা ও জনবল সমন্বয়ের কাজ এগিয়ে চলছে বলেও জানান তিনি।

দায়িত্ব পালনকারী সদস্যদের বেতন, রেশন ও অন্যান্য প্রাপ্যতা যথাসময়ে নিশ্চিত করা হচ্ছে। চাকরি শেষে অঙ্গীভূত আনসার সদস্যদের অবসরকালীন গ্র্যাচুইটি ফান্ড পাওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

তৃণমূল উন্নয়নেও ভূমিকা

মহাপরিচালক বলেন, ব্যাটালিয়ন আনসার সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিত প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ ও যুদ্ধকালীন দায়িত্ব পালনের সক্ষমতা বাড়াচ্ছেন।

অন্যদিকে ভিডিপি ও টিডিপি সদস্যরা তৃণমূল পর্যায়ে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন। পরিবেশ দূষণ প্রতিরোধ, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অগ্নিনির্বাপণ, কৃষিকাজে সহায়তা, স্বেচ্ছাশ্রম ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তারা কাজ করছেন।

প্রান্তিক পর্যায়ের ভিডিপি ক্লাবগুলোকে ‘সঞ্জীবন’ কর্মসূচির আওতায় পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা, স্বেচ্ছাশ্রম ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর সমাজ গঠনে ভিডিপি-টিডিপি সদস্যদের ভূমিকা আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিয়োগে স্বচ্ছতার ওপর জোর

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বর্তমানে কঠিন ও প্রতিযোগিতামূলক ধাপ অতিক্রম করেই যোগ্য ও মেধাবী প্রার্থীরা চূড়ান্তভাবে নির্বাচিত হচ্ছেন।

নিয়োগে কোনো ধরনের অবৈধ আচরণ, দুর্নীতি বা দালালির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে দক্ষতা, জ্ঞান, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই বাহিনীর সদস্য নির্বাচিত হচ্ছেন বলে জানান তিনি।

বাহিনীর প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়নে একাডেমিতে বহুমুখী নতুন কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, সদর দপ্তরের কল্যাণ শাখাকে আরও সমৃদ্ধ করা এবং মাঠপর্যায়ে সদস্যদের কল্যাণ ও ব্যবস্থাপনা কার্যক্রম কার্যকর করার উদ্যোগও নেওয়া হয়েছে।

মহাপরিচালক বলেন, গত কোরবানির সময়ে চামড়া সংরক্ষণে বাহিনীর বৃহৎ স্বেচ্ছাসেবী সদস্যদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে নতুন সক্ষমতার যে ধারা তৈরি হয়েছে, ভবিষ্যতে সংস্কার কার্যক্রমের সুফল আরও দৃশ্যমান হবে।

তিনি বলেন, আনসার-ভিডিপিকে আরও জনবান্ধব, আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংস্কার ও রূপান্তরের ধারা অব্যাহত থাকবে। জনগণের আস্থা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের সক্ষমতাকে দেশের নিরাপত্তা, জনকল্যাণ ও সামাজিক উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগানো হবে।

মতবিনিময় সভায় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝