Dhaka, Thursday | 13 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 13 August 2026 | English
শিরোনাম:

রাঙামাটি ট্যুরে যাওয়ার পথে মুন্সীগঞ্জে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:২৯ পিএম  (ভিজিটর : ৯)

বন্ধুদের সঙ্গে রাঙামাটি ভ্রমণের উদ্দেশ্যে কুষ্টিয়া থেকে রওনা হয়েছিলেন আশরাফুল (৪০)। কিন্তু সেই আনন্দযাত্রা আর রাঙামাটি পর্যন্ত পৌঁছায়নি। মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মানাবে ওয়াটার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল কুষ্টিয়া জেলার মিরপুর থানার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আশরাফুলসহ একদল মোটরসাইকেল আরোহী রাঙামাটি ভ্রমণের উদ্দেশ্যে কুষ্টিয়া থেকে রওনা হন। পথে গজারিয়ার বাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে এক পথচারীকে বাঁচাতে গিয়ে আশরাফুলের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লং ভেহিকেলের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে আশরাফুল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর লং ভেহিকেলটির চালক গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশরাফুলকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়।

এ সময় বিপরীত দিক থেকে আসা লং ভেহিকেলের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্ঘটনাকবলিত লং ভেহিকেলটি শনাক্তের চেষ্টা চলছে। গাড়িটি শনাক্ত করে চালককে আটক করা গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাঙামাটির পাহাড় ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে যে আনন্দযাত্রা শুরু করেছিলেন আশরাফুল, গজারিয়ার মহাসড়কে সেই যাত্রাই থেমে গেল চিরতরে। সহযাত্রীদের আনন্দভ্রমণ মুহূর্তেই পরিণত হলো স্বজন হারানোর বেদনায়।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝