পিরোজপুরের নেছারাবাদে দিনের বেলায় এক প্রবাসীর বাড়িতে ঢোকার অভিযোগে নাঈম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রী, তার শিশু কন্যা ও এক প্রতিবেশী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্বরূপকাঠী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আটক নাঈম ওই এলাকার রফিক মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, প্রবাসী ইলিয়াস হোসেনের বাড়ির পাশের একটি সুপারি গাছ বেয়ে নাঈম ঘরে প্রবেশ করেন। বিষয়টি দেখতে পেয়ে ইলিয়াসের স্ত্রী নাজমা আক্তার মোবাইল ফোনে জানাতে গেলে তাকে বাধা দেওয়া হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নাজমাকে আঘাত করা হয় বলে অভিযোগ।
নাজমার চিৎকার শুনে তার মেয়ে এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। পরে প্রতিবেশী নুহিন মিয়া তাদের রক্ষা করতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। তিনজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নাঈমকে আটক করেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
আহতদের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন নাজমা আক্তার বলেন, নাঈম গাছ বেয়ে ঘরে ঢোকার পর তিনি বিষয়টি মোবাইলে জানানোর চেষ্টা করেন। তখন তাকে বাধা দিয়ে ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে মেয়েকে ও প্রতিবেশী নুহিনকেও আহত করা হয়।
নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় নাঈম ও তার বাবা রফিককে থানায় আনা হয়েছে। মামলা রুজ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এফপি/ফ