Dhaka, Thursday | 13 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 13 August 2026 | English
শিরোনাম:

চুয়াডাঙ্গায় সাংবাদিক পরিচয়ে ভূমি অফিসে চাঁদাবাজি, ১৫ দিনের কারাদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:০০ পিএম  (ভিজিটর : ৪৯)

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে মো. সবুজ শেখ  নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে দণ্ডবিধির ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা দেওয়া ও চাঁদা দাবী করার অপরাধে ১৫ দিনের কারাদণ্ড দেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী।

অভিযুক্ত সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর শহরের কাছেদ আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, সবুজ শেখ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) অফিসে প্রবেশ করেন। এ সময় তিনি একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের কথা বলে চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সহকারী কমিশনার (ভূমি) তাঁর পরিচয় ও সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের সঙ্গে কথা বলার বিষয়ে জানতে চান।

তবে সবুজ শেখ তাঁর কথিত পত্রিকার সম্পাদকের নাম কিংবা প্রয়োজনীয় কোনো তথ্য দিতে পারেননি। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া সাংবাদিক পরিচয়ে অফিসে আসার বিষয়টি স্বীকার করেন বলে ভূমি অফিস সূত্রে জানা গেছে।

সূত্র আরও জানায়, তাঁর কাছে ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ নামের একটি পরিচয়পত্র পাওয়া যায়। অভিযোগ রয়েছে, কম্পিউটারে তৈরি ওই পরিচয়পত্র ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে আসছিলেন।

পরে ঘটনাটি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে অভিযুক্ত সবুজ শেখকে দণ্ডবিধির ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তার একজন সহযোগীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, সরকারি অফিসে সাংবাদিক পরিচয়ে এসে চাঁদা দাবি ও দায়িত্ব পালনে বাঁধা দেওয়ার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে সংশ্লিষ্ট আইনে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝