মাদক মামলায় খুলনার একটি আদালত দুই মাদক কারবারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন। একই সাথে তাদের প্রত্যেককেই ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো: খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো: শাহ আলম।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সদর থানা এলাকার আলতাপপোল লেন নাসির দেওয়ানের বাড়ির ভাড়াটিয়া মৌজে আলী খাঁ'র ছেলে সিরাজ খাঁ ও পুলিশ লাইন পশ্চিম গলির পিন্টুর বাড়ির ভাড়াটিয়া আব্দুল মান্নান হাওলাদারের ছেলে হারুন অর রশিদ। দণ্ডপ্রাপ্ত আসামির রায়ের অগ্রিম খবর পেয়ে আদালত চত্বর থেকে পালিয়ে যায়।
আদালতের সূত্র জানায়, ২০১৯ সালের ২৯ এপ্রিল ভোর ৫টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দুইজন মাদক কারবারী মিষ্টির প্যাকেটে ফেন্সিডিল নিয়ে জেলখানা ঘাট পার হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেনের বাজারে অবস্থান নেয়।
৫টা ২০ মিনিটের দিকে ঘাট থেকে পর হয়ে আসা দুইজন যাত্রীর গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তাদের হাতে থাকা নেটের ব্যাগে ঝোলানো মিষ্টির প্যাকেট তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী ওই দুইজনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
এ ঘটনায় একই বছরের ২৫ জুন তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই মো: লায়েকুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে তিনি সিরাজ খাঁ ও হারুন অর রশিদের নাম উল্লেখ করেন।
এফপি/ফ