Dhaka, Friday | 14 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 14 August 2026 | English
শিরোনাম:

বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: জ্বালানিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৫৭ পিএম  (ভিজিটর : ৩২)

বাংলাদেশ এই মুহূর্তে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, আওয়ামী লীগ এতো ঋণ করে গেছে যে, সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একদিন কঠিন হয়ে যেতে পারে। যদি ঠিক মতো পরিকল্পনা করা না হয়।

শুক্রবার(১৪ আগস্ট) বিকালে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট দিয়েছে, যাতে মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে এই বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রাম ট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী। 

এ সময় নিজে ট্রাকে উঠে গাড়ি চালানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেকে চায়ের দোকানে এটা নিয়ে সমালোচনা করবে, সেটা আমি জানি। কিন্তু আমি মানুষকে দেখানোর জন্য ট্রাকে উঠিনি। আজকে থেকে ত্রিশ-চল্লিশ বছর আগে দেখেছি। ঘুম থেকে উঠে দেখেছি; এরকম একটা গাড়ি রাস্তা পরিষ্কার করছে, রাস্তা চকচক করছে। সেই উচ্ছ্বাসে আমি ট্রাকে উঠে ট্রাক চালালাম।

তিনি আরও বলেন, পৌরসভার এসব গাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। কারণ জনগণ সব ক্ষমতার উৎস। এর আগে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভা প্রশাসক শাহাদৎ হোসাইন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝