রুহুল কবির রিজভী জনগণের নেতা। তাকে দলের মহাসচিবের দায়িত্ব দেওয়া হলে বিএনপি আরও শক্তিশালী হবে এবং দল ও দেশের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, একটি সরকার তখনই শক্তিশালী হয়, যখন তার রাজনৈতিক দল শক্তিশালী থাকে। সে জন্যই আমরা মনে করি, রুহুল কবির রিজভী সাহেবকে দায়িত্ব দিলে দল অনেক মজবুত হবে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদ।
রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রশিদুজ্জামান লস্কর এমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
এফপি/ফ