‘স্মৃতিতে২৪: নতুন প্রজন্মের চোখে গণঅভ্যুত্থানের ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে মাসব্যাপী আন্তঃবিদ্যালয় বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ‘ওয়ারিয়র্স অব জুলাই, লালমনিরহাট’-এর আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে মাসব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।
জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আবদুল হাকিম, ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর সহসভাপতি গাজী আতিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোস্তাজিম বিল্লাহ হাবিবী।
এ ছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা (অ.দা.) রুকসানা পারভীনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তরুণ প্রজন্মের মেধা, মনন ও সৃজনশীলতার মাধ্যমে এ ইতিহাসকে ধারণ করার উদ্যোগ প্রশংসনীয়।
তাঁরা বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগ যাতে নতুন প্রজন্মের কাছে বিস্মৃত না হয়, সে জন্য নিয়মিত শিক্ষামূলক ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা প্রয়োজন। একই সঙ্গে ইতিহাসের ঘটনাগুলো যথাযথভাবে সংরক্ষণ ও তরুণদের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাসব্যাপী আয়োজিত বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকদের আশা, এ ধরনের সৃজনশীল কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসচর্চা, দেশপ্রেম ও সামাজিক সচেতনতা আরও জোরদার হবে।
এফপি/ফ