Dhaka, Thursday | 20 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 20 August 2026 | English
শিরোনাম:

নিখোঁজের ৩ দিন পর খেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:৪৬ পিএম  (ভিজিটর : ৬)

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলাম (৬০) নামে এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চারঘরিয়া ফাজিলপুর এলাকায় সড়কের পাশের একটি ফসলি খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জহুরুল ইসলাম গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মন্ডলের ছেলে। তিনি মাদারগঞ্জ পৌরসভার জোনাইল মৃধাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন জহুরুল ইসলাম। পরে রাত ২টার দিকে গুনারীতলা ইউনিয়নের আমলীতলা ব্রিজের উত্তর পাশে সড়কের ওপর তার অটোরিকশাটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জহুরুলকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে জহুরুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার ছেলে থানায় নিখোঁজের অভিযোগ করেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাথাভাঙা-তেঘরিয়া সড়কের চারঘরিয়া ফাজিলপুর এলাকায় সড়কের পাশে একটি ফসলি খেতে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক কৃষক। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি জহুরুল ইসলামের বলে শনাক্ত করেন।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তফিজুর রহমান ভূঁঞা বলেন, জহুরুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি তিন দিন আগে নিখোঁজ হওয়া অটোরিকশাচালক জহুরুল ইসলামের মরদেহ। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝