Dhaka, Thursday | 8 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 8 October 2026 | English
শিরোনাম:

পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে ১৫ মণ মাছ নিধনের অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:১৩ পিএম  (ভিজিটর : ১৬)

রংপুরের পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে প্রায় ১৫ মণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে আনুমানিক ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের মালিক সাহেব উদ্দিন। এ ঘটনায় দুজনকে অভিযুক্ত করে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

বুধবার (৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সোনারায় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে মাহামুদ জিয়ারুল ও তাঁর স্ত্রী শরিফা খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহেব উদ্দিনের বাড়ির পাশে ৪৪ শতক জমির ওপর একটি পুকুর রয়েছে। সেখানে বিভিন্ন জাতের মাছ চাষ করেন তিনি। জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রায় চার বছর আগেও ওই পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছিল। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়।

সাহেব উদ্দিনের দাবি, গত ১৬ সেপ্টেম্বর রাতে মারপিট ও একইভাবে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে মাছ মেরে ফেলার অভিযোগে তিনি পীরগাছার আমলি আদালতে একটি সিআর মামলা করেন। যাহার সিআর মামলা নং- ৩৭১/২৬,মামলাটি বর্তমানে তদন্তাধীন।
মামলা করার পর থেকে অভিযুক্তরা তাঁকে পুকুরের মাছের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিলেন।

এরই জের ধরে বুধবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে অভিযুক্তরা পুকুরপাড়ে গিয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে দেন।
ভোরে নামাজ শেষে পুকুরের পাড়ে গিয়ে তিনি পানিতে মাছ ভাসতে দেখেন। এতে প্রায় ১৫ মণ মাছ মারা গেছে বলে দাবি করেন তিনি।
ঘটনার বিষয়ে ভূক্তভূগী অভিযুক্তদের বাড়িতে জানতে গেলে তাঁকে গালিগালাজ, মারধর ও হত্যার হুমকি দেন অভিযুক্তরা।

ভুক্তভোগী সাহেব উদ্দিন বলেন, 'পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেওয়ার কারণে অনেক মাছ মারা গেছে। এতে আমার প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।'

অভিযোগ অস্বীকার করে মাহামুদ জিয়ারুল বলেন,'আমার বিরুদ্ধে পুকুরে গ্যাস ট্যাবলেট বা বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন পূর্বশত্রুতা ও আগের দুটি মামলার জেরেই আমাকে হয়রানি করতে এ অভিযোগ করা হয়েছে। মাছ মারা গেছে, তবে পুকুরের সব মাছ মারা যায়নি,কয়েকটি সিলভার কার্প মাছ মারা গেছে।'

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝