নওগাঁর মান্দায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নারী ও পুরুষ সদস্যদের ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলিফ উদ্দিন।
উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে তাদের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ২৭ আগস্ট পর্যন্ত।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী ও পুরুষ সদস্যদের অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং আত্মকর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে মৌলিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা দেওয়া হবে।
প্রশিক্ষণের মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আনসার-ভিডিপির সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
এফপি/ফ