বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও দক্ষ, জনবান্ধব ও উৎপাদনশীল বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষকদের আদর্শিক নেতৃত্ব, পেশাগত দক্ষতা ও প্রশিক্ষণের গুণগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে কর্মরত প্রশিক্ষকদের সঙ্গে এক দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মহাপরিচালক বলেন, প্রশিক্ষকদের নিজেদের যোগ্যতা, দক্ষতা ও নৈতিক আদর্শের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আধুনিক ও ব্যবহারিক প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সঙ্গে অভিভাবকসুলভ সম্পর্ক গড়ে তুলতে হবে। একজন আদর্শ প্রশিক্ষকের সার্থকতা হলো নিজের চেয়েও দক্ষ ও আদর্শবান জনবল তৈরি করা।
তিনি জানান, পিটি, ড্রিল ও অস্ত্রচালনা প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় 6G ওয়েল্ডিং, মেসন, শাটারিং, মোটর ড্রাইভিং, জাপানিজ ভাষা, হসপিটালিটি ম্যানেজমেন্ট ও সৌরবিদ্যুৎ প্যানেল রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগ আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশি-বিদেশি শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহায়ক হবে।
মহাপরিচালক বলেন, দেশের বিপুল যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তর করা সময়ের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, “আমাদের সদস্যরা এক হাতে অস্ত্র ধারণ করে দেশের নিরাপত্তা নিশ্চিত করবে, অন্য হাতে অংশ নেবে উৎপাদনশীল কর্মকাণ্ডে।” এ সময় তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় জোরদারের নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট ও অতিরিক্ত মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষকরা।
এফপি/অ