Dhaka, Saturday | 15 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 15 August 2026 | English
শিরোনাম:

নরসিংদীর ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে গ্রেপ্তার - ৫

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:২৮ পিএম  (ভিজিটর : ৬৬)

নরসিংদীর পলাশ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম আল মাসুম হত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সকালে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, নরসিংদীর পুলিশ সুপারের তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। শুক্রবার রাত ৩টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার ঠাকুরপাড়া এলাকার গ্রীন প্যালেস নামের একটি আবাসিক হোটেল থেকে প্রধান আসামি সাফাদি মির্জা বিজয়সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে সিপিএসসি নরসিংদী ও র‍্যাব-১১ সহযোগিতা করে।

গ্রেপ্তার অন্যরা হলেন—শাহ আলম ফকির (৩০), রিফাত ওরফে বাবু ফকির (২২), তুষার (২৫) ও মেহেদী (২০)। তাঁদের সবার বাড়ি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা (ফকিরবাড়ী) এলাকায়।

ওসি শাহেদ আল-মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশকে জানিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ আগস্ট রাত পৌনে ২টার দিকে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইব্রাহিম আল মাসুম ও তাঁর সহযোগীদের ওপর হামলা চালানো হয়। এ সময় সাফাদি মির্জা বিজয়সহ তাঁর সহযোগীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুলি করেন বলে অভিযোগ করা হয়েছে।

এতে ইব্রাহিম আল মাসুম গুলিবিদ্ধ হন। তাঁর সঙ্গে থাকা জয়নাল মাস্টার, মামুন আহমেদ, আমজাদ, কাউছার, মামুন, আকাশ, রুবেল ও ইমরানসহ কয়েকজন আহত হন।

গুরুতর আহত মাসুমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নয় দিন চিকিৎসাধীন থাকার পর গত ১০ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় ৪ আগস্ট নিহত মাসুমের শ্যালক হাসান মো. মহসিন বাদী হয়ে পলাশ থানায় মামলা করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝