শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সেলিম বেপারী ওরফে এসএম সেলিম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা পুলিশের একটি দল কলারগাঁও গ্রামে সেলিমের বসতঘরে অভিযান চালায়।
অভিযানের সময় ঘরের ভেতরে একটি স্যুটকেসের ওপর বই-পুস্তকের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই সেলিম বেপারীকে আটক করা হয়।
আটক সেলিম বেপারী ওরফে এসএম সেলিম কলারগাঁও গ্রামের মৃত রোস্তম আলী বেপারীর ছেলে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিম বেপারীর বসতঘর থেকে একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সেলিম বেপারী ওরফে এসএম সেলিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামতের উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এফপি/অ