মাইক্রোপ্লাস্টিক দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও গণমাধ্যমকর্মীদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (NIMC) এর উদ্যোগে একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনব্যাপী জাতীয় গনমাধ্যম ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে “Prevention of Micro-plastic Pollution” শীর্ষক এ কর্মশালায় দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট এর মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামান এর সভাপতিত্বে ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর উপপরিচালক ও উপ- প্রকল্প পরিচালক সুমনা পারভীন, ও এপিডি ফাহিম সিদ্দিকী এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের পরিচালক মোসাম্মৎ রহিমা আক্তার।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুহাম্মদ জহুরুল ইসলাম, পরিকল্পনা কমিশনের যুগ্মপ্রধান আহমদ কবিরসহ জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের কর্মকর্তারা।
কর্মশালায় মাইক্রোপ্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব, এর উৎস, পরিবেশ ও মানবস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব এবং প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষকরা জানান, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না হওয়া, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার এবং অপরিকল্পিত নগরায়নের কারণে মাইক্রোপ্লাস্টিক দূষণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি খাদ্যচক্রে প্রবেশ করে মানুষের শরীরে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের পরিবেশবান্ধব প্রতিবেদন তৈরিতে উদ্বুদ্ধ করা হয় এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
শেষে অংশগ্রহণকারীরা মাইক্রোপ্লাস্টিক দূষণ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এফপি/অ