কক্সবাজারের উখিয়ায় বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি এবং তালিকাভুক্ত ইয়াবা গডফাদার মনির হোসেন ওরফে 'মনির'কে অবশেষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আটক করেছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটককৃত হলো উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকার বাসিন্দা জব্বর মুল্লুকের ছেলে মনির হোসেন(৩৮)।
বিজিবি সুত্রে জানা যায়, মনির হোসেন ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির উদ্দেশ্যে রহমতের বিল এলাকায় অবস্থান করবেন। সেই তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির একটি স্পেশাল দল আগেভাগেই কৌশলে এলাকায় অবস্থান নেয়। অভিযানের একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও মনিরকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।
পরবর্তীতে তাকে ব্যাটালিয়ন সদরে নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে, মনির হোসেন স্বীকার করেন যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার এবং ইয়াবা ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত।আটক মনির হোসেন কেবল একজন মাদক ব্যবসায়ীই নন, বরং তিনি উখিয়ার বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলারও প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক হত্যা এবং মাদক সংক্রান্ত মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গত বছরের নভেম্বরে দায়েরকৃত একটি মামলায় ৯৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। এছাড়া বেশ কয়েকটি মামলায় জামিনে মুক্ত ছিলেন।
এ ব্যাপারে ৬৪ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন,আমরা শুধু বহনকারী বা মাঠপর্যায়ের পাচারকারীদের নয়, বরং মূল হোতা এবং মাদক নেটওয়ার্কের গডফাদারদের ধরতে প্রতিজ্ঞাবদ্ধ। মনির হোসেন তাদেরই একজন, যিনি দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থেকে ইয়াবা সিন্ডিকেট চালিয়ে আসছিলেন। আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"বিজিবি সূত্র আরও জানিয়েছে, গ্রেফতারকৃত মনির হোসেনকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় উখিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এফপি/অআ