Dhaka, Thursday | 26 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 26 November 2026 | English
শিরোনাম:

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম  (ভিজিটর : ৩২)

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝